
আবদুর রহমান রায়পুর উপজেলা প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রায়পুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের শহীদ ওসমান চত্বর থেকে শুরু হয়। পরে মিছিলটি রায়পুর-চাঁদপুর প্রধান সড়ক ধরে রায়পুর আলিয়া মাদ্রাসার সামনে দিয়ে গোডাউন রোড, মধ্যবাজার, ধানহাটা ও হলরোড প্রদক্ষিণ করে পুনরায় শহীদ ওসমান চত্বরে এসে শেষ হয়। মিছিল চলাকালে রায়পুর পৌর ছাত্রদল নেতা জিহাদ রহমানের নেতৃত্বে দেওয়া স্লোগানে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এবিএম জিলানীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে বিশেষভাবে উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল আলম আলমাস। মিছিল শেষে শহীদ ওসমান চত্বরে রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।