
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের প্রাণকেন্দ্র কামারপট্টি এলাকায় সরকারি জায়গা ও পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ ড্রেন দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। শহরের ঐতিহ্যবাহী টানবাজার সংলগ্ন কামারপট্টি এলাকায় সরকারি বি.এস. ৩৫৫১ নম্বর দাগে অবস্থিত প্রায় ৬ ফুট প্রশস্ত একটি ড্রেন ভরাট করে তানিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে চারতলা ভবন নির্মাণের ভিত্তি স্থাপনসহ নির্মাণকাজ শুরুর অভিযোগ পাওয়া গেছে। সরকারি সম্পত্তি ও পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ পথ দখলের এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড্রেনটি সড়ক বাজার, টানবাজার ও কামারপট্টিসহ আশপাশের পুরো বাণিজ্যিক এলাকার পানি নিষ্কাশনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে এই ড্রেন দিয়ে এলাকার বৃষ্টির পানি নিষ্কাশিত হয়ে আসছে। কিন্তু ড্রেনটি ভরাট করে সেখানে স্থাপনা নির্মাণ করা হলে আসন্ন বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগের পাশাপাশি ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক টানবাজারের একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি জায়গা ও পানি নিষ্কাশনের ড্রেন কীভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। কারও প্রভাব বা ক্ষমতার দাপটে সরকারি সম্পত্তি দখল হয়ে থাকলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করে ড্রেনটি পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি। স্থানীয়দের দাবি, জনস্বার্থ ও শহরের পরিবেশ রক্ষায় অবিলম্বে সরকারি জায়গার সীমানা নির্ধারণ করে ড্রেনটি দখলমুক্ত করতে হবে। পাশাপাশি পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। তাঁদের দাবি, অভিযোগটি সরেজমিনে তদন্ত করে সরকারি সম্পত্তি দখলের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।