
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মশাল মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জজ কোর্টের সরকারি আইনজীবীবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার শহরের সংগীতা মোড় এলাকা থেকে এই বিক্ষোভ মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী নানা স্লোগান দেন এবং রাজপথে নিজেদের শক্ত অবস্থানের জানান দেন। সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপন। এছাড়াও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন। উক্ত মশাল মিছিলে সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট এবিএম সেলিম এর নেতৃত্বে সাতক্ষীরা জজ কোর্টের সরকারি আইনজীবীবৃন্দ অংশ নেন। মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আমরা একটি খবর শুনতে পেলাম, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা প্রবেশ করে সাতক্ষীরার ওপর দিয়ে পার হবেন। এই হাস্যকর খবরটি শোনার সঙ্গে সঙ্গেই আমরা তাৎক্ষণিক মশাল মিছিলের মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করে দিলাম। আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরও বলেন, এই মিছিলের মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই—যেকোনো মুহূর্তে কেউ যদি দেশে নৈরাজ্য বা অগ্নিসন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে, তবে আমরা তাৎক্ষণিক তার দাঁতভাঙা জবাব দেব। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে।