
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
মিথ্যা আশ্বাসে ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার আট বাংলাদেশি নাগরিককে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। দুই বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাঁদের বাংলাদেশে হস্তান্তর করা হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্তপথে তাঁরা ভারতে গিয়েছিলেন। পরে ভারতের তামিলনাড়ু ও কলকাতার দমদম এলাকায় বিভিন্ন কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে সেখানকার পুলিশ তাঁদের আটক করে। আদালতের রায়ে দুই বছর কারাভোগ শেষে দুই দেশের প্রশাসনের হস্তক্ষেপে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসার পর রাতেই তাঁদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে থানা পুলিশ তাঁদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করে। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ফেরত আসা আটজনকে তাঁদের শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।