
৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি
পারভেজ মারুফঃ
গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও স্বেচ্ছাসেবক দল নেতা হাজী মোঃ ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। ফয়সাল আহমেদ রুবেলের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সম্প্রতি টঙ্গীর সাতাইশ এলাকায় অবস্থিত এনট্রাস্ট ডিজাইন কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে তাঁকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। ঘটনার বিবরণে ফয়সাল আহমেদ রুবেল জানান, গত ২৫ নভেম্বর সকালে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে প্রায় এক হাজার লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এনট্রাস্ট ডিজাইন কারখানার সামনে জড়ো হয়। একপর্যায়ে তাঁদের একটি অংশ কারখানার ফটকে হামলা চালিয়ে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় কয়েকজন আহত হন। হামলাকারীরা তাঁর বাসাবাড়ির জানালাও ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও জানান, এনট্রাস্ট ডিজাইন কারখানার ভবনটির মালিক তিনি। ঘটনার সময় পাশের একটি কারখানার রনি নামের এক যুবক ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। একই সঙ্গে তাঁর ফুফাতো ভাইয়ের কারখানায়ও হামলার ঘটনা ঘটে। পরে হামলাকারীরা মদিনা পাড়া এলাকার দিকে চলে যায় বলে তিনি দাবি করেন। ফয়সাল আহমেদ রুবেলের ভাষ্য, পুরো ঘটনাকে কেন্দ্র করে তাঁকে সামাজিক, রাজনৈতিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, মদিনা পাড়া এলাকায় অনিক ও বকর নামের আরও দুই যুবক ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে তিনি জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এসব ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, “এলাকায় আমার কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। এ এলাকার মানুষ আমার শুভাকাঙ্ক্ষী, তাঁরাই আমার অভিভাবক। তাঁদের সঙ্গে নিয়েই ৫১ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আমার এই উদ্যোগে ঈর্ষান্বিত হয়ে কোনো পক্ষ আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।” নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ফয়সাল আহমেদ রুবেল বলেন, গত ১৭ বছরে তিনি একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তির মধ্যেও তিনি এলাকা ছেড়ে যাননি। স্থানীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় কর্মকাণ্ডে ব্যক্তিগত সুবিধা গ্রহণ না করে বরং বিভিন্ন কর্মসূচিতে নিজস্ব অর্থ ব্যয় করে অংশগ্রহণ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও আন্দোলনকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো ব্যক্তিকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সবশেষে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ফয়সাল আহমেদ রুবেল বলেন, গত ২৫ নভেম্বরের হামলা, ভাঙচুর, লুটপাট ও আহত হওয়ার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।