রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় মাদক কেনাবেচা এবং মাদকসেবীদের দৌরাত্ম্য কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। শাহবাগ থানা পুলিশের নিয়মিত অভিযানে প্রতিদিন ১০ থেকে ২০ জন মাদকসেবী ও খুচরা বিক্রেতা আটক হলেও আড়ালেই থেকে যাচ্ছে মাদক কারবারের মূল হোতারা। অনুসন্ধান ও সংশ্লিষ্টদের অভিযোগ, জামিনে মুক্তি পেয়ে পুনরায় সক্রিয় হয়েছে একাধিক মাদক মামলার আসামি ‘নবী-নিপা’ চক্র। এই চক্রের বিরুদ্ধে অনুসন্ধান ও সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, প্রাণনাশের হুমকি এবং তথ্য চাওয়ায় স্থানীয় থানা পুলিশের অসহযোগিতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী সাংবাদিক। অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথি সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানকেন্দ্রিক মাদক কারবারে নবী, নিপা, পারুলী, হাসিনা, রেখা ও অনিকসহ কয়েকজনের নাম উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ৭ থেকে ৮টি মামলা রয়েছে। সম্প্রতি নবী ও তার সহযোগী নিপা জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে পুনরায় মাদক কারবারে সক্রিয় হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া উদ্যানের মাদক কারবারের নিয়ন্ত্রণ নিতে নবী-নিপা চক্র তাদের প্রতিদ্বন্দ্বী ‘আনিকা চক্রকে’ কৌশলে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিয়ে বর্তমানে উদ্যানের মাদক কারবারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে নবী ও নিপা। ঢাকার বিভিন্ন এলাকার পাইকারি মাদক সরবরাহকারীদের কাছ থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ভ্রাম্যমাণ খুচরা বিক্রেতাদের মাধ্যমে উদ্যানের বিভিন্ন স্থানে এসব মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর দাখিল করা অভিযোগপত্রে এসব বিষয় উল্লেখ করেন সেন্ট্রাল রিপোর্টার্স সোসাইটির (সিআরএস) প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক সোনালী কণ্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মো. মাহামুদুল কবির নয়ন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে তিনি ২৩ ও ২৪ নভেম্বর ২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং ডিএমপির রমনা বিভাগে দাপ্তরিকভাবে আবেদন করেছিলেন। অতীতে সংগৃহীত ভিডিও ফুটেজ ও তথ্যের ভিত্তিতে সোহরাওয়ার্দী উদ্যানকেন্দ্রিক মাদক কারবারের সঙ্গে জড়িত নবী, পারুলী, হাসিনা, মালতি, আনিকা ও মেহেদিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে অভিযোগে দাবি করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফও তাঁর অনুসন্ধানী কাজের প্রশংসা করেছিলেন বলে উল্লেখ করা হয়। এর আগে মাদকবিরোধী অনুসন্ধানী কাজ করতে গিয়ে ঝিনাইদহের চাকলাপাড়ায় হামলার শিকার হয়ে আহত হওয়ার ঘটনাও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। অভিযোগে আরও বলা হয়, নবী ও নিপা চক্রের সদস্যরা জামিনে মুক্তি পেয়ে পুনরায় সক্রিয় হওয়ার পর সাংবাদিক নয়ন প্রাণনাশের হুমকির মুখে পড়েন। এ পরিস্থিতিতে গত ৪ জুন ২০২৬ তারিখে সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থা (GRS) পোর্টালে অভিযোগ দাখিল করেন তিনি। পরদিন ৫ জুন শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২৭৮) করেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্তের অগ্রগতি কিংবা নিজের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাননি বলে অভিযোগ করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক নয়ন ও তাঁর সহকর্মী মো. নাসিরুল হক সোহরাওয়ার্দী উদ্যানের লালন চত্বর এবং ফুল ক্যান্টিন/ছবির হাট এলাকায় মাদকের চালান হাতবদলের দৃশ্য ভিডিও ধারণ করতে যান। অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে মুখোশধারী তিন ব্যক্তি তাঁদের পথরোধ করেন। এ সময় তাঁদের একজন সাংবাদিক নয়নের পেটের বাম পাশে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর পরনের গেঞ্জি ছিঁড়ে ফেলেন। এ সময় হামলাকারীরা তাঁকে হুমকি দিয়ে বলেন, “এরপর থেকে তোকে যেন আর এই উদ্যানের আশপাশে না দেখি। কোনো রকম নিউজ প্রকাশ করলে পরবর্তীতে ট্রিগার চেপে দেব, পরিবারের সদস্যদেরও দেখে নেব।” সহকর্মী নাসিরুল হক ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করতে গেলে তাঁকেও মারধর করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পরদিন ১৯ নভেম্বর ২০২৬ তারিখে শাহবাগ থানায় আরও একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৯৬) করেন সাংবাদিক নয়ন। অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করলেও চিহ্নিত শীর্ষ কারবারিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অভিযানের আগাম তথ্য পুলিশের কিছু অসাধু সদস্যের মাধ্যমে মাদক কারবারিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি স্থানীয় থানার কয়েকজন কর্মকর্তার আচরণ ও অসহযোগিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগকারী। অভিযোগ অনুযায়ী, মাদক কারবারি হিসেবে অভিযুক্ত আনিকার গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তেজিত কণ্ঠে বলেন, “আরে, আপনি তো না জেনেই কথা বলেন। আসামিকে আটক করেছি, আপনি জেনে দেখেন।” তবে অভিযোগকারীর দাবি, সেদিন পর্যন্ত ওই ব্যক্তি আটক হননি; বরং কয়েক দিন পর তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) সাংবাদিক নয়নকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন এবং ফোনে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “আপনি থানায় আসেন, আসলেই জানতে পারবেন।” অভিযোগপত্রে এমন দাবিও করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের এমন অপরাধপ্রবণ পরিবেশে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ দর্শনার







