
গোলাম সরোয়ার, কুমিল্লা (লাকসাম) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. আমিনুল হক বুধবার (২৫ নভেম্বর ২০২৬) কুমিল্লার লাকসাম সফর করেন। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সফরকালে প্রতিমন্ত্রী লাকসাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে গৃহীত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি লাকসাম উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলার মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। এ সময় তিনি লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ ছাড়া সফরকালে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় আধুনিক ক্রীড়া অবকাঠামো ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের সম্ভাবনা যাচাই এবং স্থানীয় লাকসাম স্টেডিয়াম সংস্কারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি লাকসাম ও মনোহরগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।