
ঢাকা, ১ জানুয়ারি ২০২৬ খ্রি., বৃহস্পতিবার।
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি আজ গভীর শোক ও বেদনাবিধুর সময় অতিক্রম করছে।
এই শোকাবহ প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার সারাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
“এমন এক বিষণ্ন ও সংযমের সময়ে ইংরেজি নতুন বছর ২০২৬ আমাদের দ্বারপ্রান্তে এসেছে—যা এবছর আনন্দ বা উদযাপনের চেয়ে বেশি আমাদের মনকে ব্যথা ও শোকের মধ্যে রাখছে। অভিভাবক হারানোর বেদনায় পুরো জাতি আজ কষ্ট ও দুঃখে বিচলিত, তাই এ মুহূর্তে নববর্ষ পালন করার ইচ্ছা করছে না। নতুন বছর এই সময়ে নিজের মূল্যবোধ পুনর্বিবেচনা, সংযম বজায় রাখা এবং নতুন সংকল্প গ্রহণের বার্তা নিয়ে এসেছে।”
নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে আমরা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দেশের রাজনৈতিক ইতিহাসে তিনি একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর ইন্তেকাল নিঃসন্দেহে জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি।
সাধারণত নতুন বছর মানুষকে আনন্দ, উৎসব ও নতুন আশার বার্তা দেয়। তবে এবারের ইংরেজি নববর্ষ এসেছে শোক ও সংযমের আবহে। এই বাস্তবতায় আমরা বিশ্বাস করি, নতুন বছর কেবল ক্যালেন্ডারের পাতা বদলের উপলক্ষ নয়; বরং এটি আত্মশুদ্ধি, মূল্যবোধের পুনর্নবীকরণ এবং একটি মানবিক, সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার নতুন করে করার সময়।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, গণমাধ্যম সমাজের দর্পণ। দায়িত্বশীল সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং বস্তুনিষ্ঠ মত প্রকাশের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব। বিশেষ করে নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো প্রয়োজন।
নতুন বছরে আমরা প্রত্যাশা করি—দেশের সাংবাদিক সমাজ আরও পেশাদারিত্ব, নৈতিকতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং সব ধরনের চাপ, ভয় ও বৈষম্যের ঊর্ধ্বে উঠে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবে। একই সঙ্গে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হবে—এমন পরিবেশ সৃষ্টি হবে বলে আমরা আশা করি।
এই শোকের সময়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে সংযম, সহমর্মিতা ও মানবিকতার চর্চা করার আহ্বান জানানো হচ্ছে।
পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও সহনশীলতার মাধ্যমে আমরা জাতিগতভাবে যে কোনো সংকট মোকাবিলা করতে সক্ষম হব—এই বিশ্বাস আমাদের রয়েছে।
নতুন বছর হোক হানাহানি ও বিভাজনের নয়, বরং শান্তি, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির বার্তাবাহক।
পরিশেষে, ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে দেশবাসী, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সহকর্মীদের জানাই বিনম্র শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, নিরাপত্তা, মানবিকতা ও কল্যাণ—এই প্রত্যাশাই আমাদের।
শুভেচ্ছান্তে:
খান সেলিম রহমান
প্রতিষ্ঠাতা সভাপতি
মোঃ মাহিদুল হাসান সরকার
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটি।