
মোঃ রুবেল, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চৌমুহনী এলাকায় এক কৃষকের কাটা ধানের স্তূপে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কৃষক মোঃ জাহাঙ্গীর, পিতা বাদশা মিয়ার আনুমানিক ৬০ শতক জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। সারা বছরের পরিশ্রমের ফসল হারিয়ে ঋণের বোঝা ও ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জাহাঙ্গীর ঋণ নিয়ে জমিতে চাষাবাদ করেছিলেন। দীর্ঘদিনের পরিশ্রম ও কষ্টের বিনিময়ে ফলানো ধান কাটার পর স্তূপ করে রেখেছিলেন। স্বপ্ন ছিল ধান ঘরে তুলে বিক্রি করবেন, ঋণের টাকা পরিশোধ করবেন এবং পরিবারের প্রয়োজন মেটাবেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তাঁর সেই স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যায়। আনুমানিক ৬০ শতক জমির ধান পুড়ে যাওয়ায় তাঁর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর সকালে পুড়ে যাওয়া ধানের স্তূপের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক জাহাঙ্গীর। চোখের সামনে সারা বছরের পরিশ্রম ছাই হয়ে যেতে দেখে নিজেকে সামলাতে পারছেন না তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা বা বিরোধ নেই। কে বা কারা তাঁর ধানের স্তূপে আগুন দিয়েছে, তা তিনি জানেন না। ঋণ করে জমি চাষ করেছিলেন উল্লেখ করে তিনি এখন কীভাবে ঋণ পরিশোধ করবেন, কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ফটিকছড়ি উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরুল আলম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া ধানের স্তূপের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরুল আলম বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। একজন কৃষক অনেক কষ্ট ও পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। তাঁর কাটা ধানের স্তূপে এভাবে আগুন দেওয়ার ঘটনা সত্যিই বেদনাদায়ক। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের পরিস্থিতি তাঁদের নজরে আনার চেষ্টা করা হবে।” স্থানীয়রা জানান, একজন কৃষকের সারা বছরের পরিশ্রমের ফসল এভাবে পুড়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি ও বেসরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। একজন কৃষকের কাছে ফসল শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়; এটি তাঁর পরিবারের আহার, ঋণ পরিশোধের সম্বল এবং ভবিষ্যতের স্বপ্ন। সেই স্বপ্ন আগুনে পুড়ে যাওয়ায় এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি কৃষক জাহাঙ্গীর। সংশ্লিষ্ট প্রশাসন, কৃষি বিভাগ, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে তাঁর পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।