
আবদুর রহমান চৌধুরী রায়পুর উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৭০ বছর বয়সী এক বৃদ্ধসহ একই পরিবারের পাঁচজনের ওপর হামলা, বসতঘর ভাঙচুর এবং নগদ দুই লাখ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের চেইন লুটের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার ৯ নম্বর দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদমারা গ্রামের চাঁন মিয়া মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুর রব পাটোয়ারী বাড়ির দুলাল, ফারুক, সুমন ও কাওসারের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে চাঁন মিয়া মুন্সি বাড়িতে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় বসতঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি নাজির মুন্সিসহ পরিবারের পাঁচ সদস্যকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা এবং এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যান। পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় তিন বছর আগে তাঁরা ৫০ শতাংশ জমি ক্রয় করেন। তবে ওই জমির প্রায় ১৫ শতাংশ জায়গা অভিযুক্তরা জোরপূর্বক দখল করে রেখেছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি জমির মূল মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রায়পুর থানায় লিখিত এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত দুলাল, ফারুক, সুমন ও কাওসারের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা এ ধরনের কোনো ঘটনা ঘটাননি বলে দাবি করেন। এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” —আবদুর রহমান চৌধুরী রায়পুর উপজেলা প্রতিনিধি