
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির বাড়িতে সংঘবদ্ধ হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনোয়ার হোসেন আকন্দ ও মরিয়ম আক্তার টিপুসহ অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. আবু সাঈদ আকন্দ (৫২)। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বাগাজান গ্রামের বাসিন্দা আবু সাঈদ আকন্দের সঙ্গে একই এলাকার অভিযুক্ত আনোয়ার হোসেন আকন্দ ও মরিয়ম আক্তার টিপুর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের সূত্র ধরে বিভিন্ন সময় তাকে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, গত মঙ্গলবার সকালে আবু সাঈদের স্ত্রী নিজ জমিতে গেলে প্রতিপক্ষের লোকজনের সাথে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন বলেও দাবি করেন ভুক্তভোগী। এদিকে, গতকাল রাত ৩টার দিকে অভিযুক্তরাসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন আবু সাঈদের বসতবাড়ির দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ে। এসময় আবু সাইদ ও তার পরিবারের অন্যান্য সদস্যদের উপর হামলা চালিয়ে নগদ ১৫ লাখ ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি স্মার্টফোনসহ মূল্যবান জিনিসপত্র ও জমির দলিলপত্র নিয়ে যায়। এছাড়াও হামলাকারীরা ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ করেন আবু সাইদ। ভুক্তভোগী আবু সাঈদ আকন্দ দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় পরিবারের নিরাপত্তাহীনতার কথাও জানিয়েছেন তিনি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী আবু সাঈদ আকন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।