
আঃ মান্নান টিপু : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের কেরোয়া গ্রামে অবস্থিত আলহাজ্জ মুকবুল আহাম্মদ মজিদিয়া মোহেব্বিয়া মডেল মাদ্রাসায় হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় মাদ্রাসার হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্জ মুকবুল আহাম্মদ মিয়াজী’র পুত্র মোঃ নজরুল ইসলাম বলেন, “আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অথচ আমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত। পরকালের নাজাতের জন্য আমাদের কিছু করা প্রয়োজন। মূলত এলাকায় ইসলামী ও দ্বীনি শিক্ষার ব্যবস্থা চালু রাখার লক্ষ্যেই আমার বাবা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। একদিন হয়তো তিনি থাকবেন না, কিন্তু আপনারা এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ হতে দেবেন না। আপনাদের সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য হলেও এই মাদ্রাসায় ভর্তি করাবেন। অন্তত এমন নেক সন্তান রেখে যাবেন, যারা বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের কবরের পাশে গিয়ে দোয়া করতে পারে।” প্রধান মেহমানের বক্তব্যের পর অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসার পরিচালক মুফতি মাওলানা শামছুল আলম মোহেব্বী হাফেজ শিক্ষার্থীদের মাঝে পাগড়ি বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ মুকবুল আহাম্মদ মিয়াজী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মাওলানা মো. শামছুল আলম মোহেব্বী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মো. আমিন মিজি। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মহসিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হেলাল উদ্দিন, হাফেজ মাওলানা আরিফুর রহমান, মাওলানা জাইদ হাসান, মাওলানা বেলায়েত হোসেন ও মাওলানা নাইমুর রহমান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।