
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২১ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীন কাকডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৬ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার ভাদিয়ালী এলাকা থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়। জব্দ ওষুধের বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব ওষুধ বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। জব্দ মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।