
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ভালুকা (ময়মনসিংহ): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের আয়োজনে বিশাল আনন্দ র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়ার নেতৃত্বে এবং সংগঠনের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ পথচলাকে স্মরণ করে এই জাঁকজমকপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন। জেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য জিয়াউর রহমান জিয়া। কর্মসূচির অংশ হিসেবে হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্রসহ উপস্থিত হন। পরে একটি সুসজ্জিত আনন্দ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।