মোঃ শফিকুর রহমান ঢাকা জেলা প্রতিনিধি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা, হামলা, নির্যাতন এবং পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার। এক বিবৃতিতে তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দুর্নীতি, অনিয়ম, অপরাধ ও অসংগতি তুলে ধরে জনগণের কাছে সত্য প্রকাশ করাই সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিককে মিথ্যা মামলা, হামলা, হুমকি, হয়রানি ও নানামুখী নির্যাতনের শিকার হতে হচ্ছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করে কখনো সত্যকে আড়াল করা যায় না। সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরেন জনস্বার্থে। কোনো সাংবাদিকের সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে আইনানুগ পন্থায় প্রতিকার চাইতে পারেন। কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার আহ্বান জানাই।” কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন, “সাংবাদিকরা যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য কার্যকর পরিবেশ নিশ্চিত করা জরুরি। মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা এবং সংবাদ সংগ্রহের সময় তাঁদের ওপর হামলা চালানো বন্ধ করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।” নেতৃদ্বয় আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। সাংবাদিকদের ওপর হামলা কিংবা তাঁদের হয়রানি করার ঘটনা ঘটলে তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সব পক্ষকে সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। তাঁরা দেশের সব সাংবাদিক, সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে নেতৃদ্বয় স্পষ্টভাবে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হুমকি ও হয়রানি বন্ধ করতে হবে। সত্য প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club