মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াতে সহায়তাকারী দুই দালালকে আটক করেছে ৫৮ বিজিবি। এ সময় ভারতীয় মদ ও ১১২ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ৫৮ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৮০-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর মাঠে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মো. দবির হোসেন (২৯) কে আটক করা হয়। তিনি খোসালপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে দুটি মামলা রয়েছে। পরে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭১-এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় একটি বোতল মদ ও তিন বোতল সিরাপ উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া ২৫ নভেম্বর রাত ১টার দিকে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬১-এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর গ্রামের মাঠপাড়া এলাকায় ইছামতি নদীর বাসের সাঁকোর দক্ষিণ পাশ থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মো. সজিব হোসেন (২৬) কে আটক করা হয়। তিনি শ্যামকুড় গ্রামের হারুন অর রশিদের ছেলে। পরে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। অন্যদিকে, একই দিন রাত ১২টা ১০ মিনিটের দিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৯-এমপি থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের বড় ব্রিজের পূর্ব পাশে রাকিবুলের কলাবাগানে অভিযান চালিয়ে ১১২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুনশী ইমদাদুর রহমান জানান, মাদক ও অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club