চাঁদপুরের ফরিদগঞ্জে শ্যালক কামরুল হাসান রতন হত্যা মামলায় ভগ্নিপতি শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামছুন্নাহার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সরদার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব সুবিদপুর ইউনিয়নের দিগধাইর গ্রামের মৃত আলী আহমেদের ছেলে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কোহিনূর বেগম জানান, ২০২২ সালে শাহাদাত হোসেন সরদার বিভিন্ন সময় তার স্ত্রী আঞ্জুমা বেগমকে শারীরিক নির্যাতন করতেন। এ ঘটনায় আঞ্জুমা বেগম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের মামলা দায়ের করেন। ওই মামলার জেরে ক্ষুব্ধ হয়ে শাহাদাত ২০২২ সালের ১৯ এপ্রিল শ্যালক কামরুল হাসান রতন ও ভায়রা ভাই জসিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান রতনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে আসামি শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সফিকুর রহমান। তথ্যসূত্র: অ্যাডভোকেট কোহিনূর বেগম, রাষ্ট্রপক্ষের আইনজীবী।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club