রিনা আক্তার আখি
স্টাফ রিপোর্টার
সারা দেশে তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনার লক্ষ্য নিয়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচিতে জেগে উঠেছে সম্ভাবনার নতুন আলো। তৃতীয় দিনে এসে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফুটবল, দাবা, মার্শাল আর্ট ও অ্যাথলেটিকসে খুদে অ্যাথলেটদের প্রাণবন্ত অংশগ্রহণ মাঠে এনে দিয়েছে উৎসবের আমেজ। জেলা শহর থেকে উপজেলা—সবখানেই কিশোর-কিশোরীদের চোখে ছিল জয়ের স্বপ্ন, আর খেলায় ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা।
ঢাকা জেলা পর্যায়ে মার্শাল আর্টে তায়কোয়ানদো ও উশু ইভেন্টে প্রতিযোগীরা দেখিয়েছে দারুণ নৈপুণ্য। অনূর্ধ্ব ৪৫ কেজি তায়কোয়ানদো বিভাগে মিরপুরের আফরিন রহমান ও ক্যান্টনমেন্টের আমরিন আকমল মানহা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। উশুতে শাহ আলীর ইরফান হোসাইন সিয়াম এবং কাফরুলের শান্তন আহমেদ চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়েন।
বরিশালে ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। বালক বিভাগে বানারীপাড়া উপজেলা ৪-২ গোলে মেহেন্দিগঞ্জকে হারালেও বালিকা বিভাগে পাল্টা জয়ে এগিয়ে যায় মেহেন্দিগঞ্জ। একই সঙ্গে বরিশাল সিটি কর্পোরেশন বালক ও বালিকা উভয় বিভাগেই শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারায়। দাবায় বালক বিভাগে সুদীপ্ত রায় এবং বালিকা বিভাগে রশনী রব চ্যাম্পিয়ন হন।
ভোলায় অ্যাথলেটিকস ট্র্যাকে ছিল গতির ঝড়। ১০০ মিটারে লালমোহনের মেহেদী হাসান রবিন এবং ২০০ মিটারে ভোলা সদরের আকাশ দ্রুততম হয়ে শিরোপা জেতেন। অন্যদিকে মানিকগঞ্জে কাবাডির চূড়ান্ত লড়াইয়ে বালক বিভাগে পৌরসভা দল এবং বালিকা বিভাগে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।
জেলা ক্রীড়া অফিসগুলোর তত্ত্বাবধানে পরিচালিত এই আয়োজন থেকে উঠে আসা প্রতিভাবান ক্রীড়াবিদরাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তৃণমূলের এই জাগরণই দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club