খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া-ডাকুয়া খালের ওপর নির্মিত গুরুত্বপূর্ণ ব্রিজটি চালবোঝাই ট্রলারের ধাক্কায় মাঝখান দিয়ে ভেঙে গেছে। এতে ওই এলাকার হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চর কাজল ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চারজন ডিলারের ১৫৫২ বস্তা চাল বোঝাই করে একটি ট্রলার চর কাজলের দিকে যাচ্ছিল। ট্রলারটি দক্ষিন দিক থেকে উত্তর দিকে যাওয়ার সময় খাল পার হওয়ার মুখে ব্রিজটিতে সজোরে ধাক্কা লাগে। এতে মুহূর্তেই ব্রিজটির মাঝের অংশ ভেঙে যায় এবং সম্পূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি আগে থেকেই বেশ নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে কাঠ দিয়ে কোনোমতে এটি মেরামত করে যাতায়াত করতেন। আকস্মিক এই পতনের ফলে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনার বিষয়ে ট্রলারের মাঝি জলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, “স্রোতের বেগ বেশি থাকায় ট্রলারের নিয়ন্ত্রণ কিছুটা হারিয়ে যায় এবং ব্রিজটিতে সামান্য ধাক্কা লাগে। কিন্তু যেভাবে সামান্য ছোঁয়া লাগতেই পুরো ব্রিজটি ভেঙে পড়ল, তা সত্যিই অপ্রত্যাশিত ছিল।” হঠাৎ এই ব্রিজ ভেঙে যাওয়ায় ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল চরম আকারে ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, একটি মাত্র যোগাযোগের মাধ্যম ভেঙে যাওয়ায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্রিজটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কার ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা দ্রুত ব্রিজটি মেরামত ও পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club